জুলাই বিপ্লবের স্মরণে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করলো ডুয়েট

১৮ অক্টোবর, ২০২৪ ২২:২৮  

জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতার আত্মত্যাগ আগামী প্রজন্মের কাছে তুলে ধরাতে প্রথবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিতর্ক ক্লাব ডুয়েট ডিবেটিং সোসাইটি। "বিপ্লবী জুলাই; সংস্কার মিছিল। যুক্তিতে মুক্তি, অশুভ নিখিল" প্রত্যয়ে আগামী ৮ ও ৯ নভেম্বর ডুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. এফ আর খান হলে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ডুয়েট ডিবেটিং সোসাইটির ( ডিডিএস) সভাপতি আব্দুল্লাহ আল কোরাইশ। তিনি জানান, জুলাই বিপ্লবে সাগর সমান রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র-জনতা। যা দ্বিতীয় স্বাধীনতার সমান। এই দ্বিতীয় স্বাধীনতার প্রতি সম্মান জানাতে আমরা আমাদের আয়োজনের নাম ঠিক করেছি বিপ্লবী বাংলা ২.০। জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী যে চেতনার উন্মেষ ঘটেছে তা বাচিঁয়ে রাখতে পারলে আমরা সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারব। তাই জুলাইয়ে এই বৈষম্যবিরোধী চেতনার চর্চা সর্ব মহলে ছড়িয়ে দিতে হবে। আমাদের এই আয়োজন সেই মহান লক্ষ্যকে সামনে রেখে।

এসময় তিনি এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য দেশের সব বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাবের প্রতি আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সহ অন্যান্য সদস্যগন।